নরসিংদীর রায়পুরায় দু দল গ্রামবাসীর সংঘর্ষে আজহার মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ভোরে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার এসআই রাকিবুল হালিম। নিহত আজহার মিয়া গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে। তিনি পণ্যবাহী নৌকায় মাঝির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন মুছাপুর গ্রামের পাঠানবাড়ি ও মোল্লাবাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। আগেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ ও হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার কথা কাটাকাটির জেরে গতকাল ভোররাতে এক পক্ষ অন্য পক্ষের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় পাঠানবাড়ির সমর্থক আজহার নিহত হন। এ সময় অন্তত পাঁচজন আহত হন। 

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।