গাইবান্ধার পলাশবাড়ীতে ঝর্ণা বেগম (১৮) নামের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধুর শ্বশুর রেজ্জাক মিয়াকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, পাশের ছাউনিয়া গ্রামের বাসিন্দা রেজ্জাক মিয়ার ছেলে আশিক মিয়ার (২১) সঙ্গে একবছর আগে শহিদুল ইসলামের কন্যা ঝর্না বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের জন্য গৃহবধূ ঝর্নার ওপর নির্মম নির্যাতন চলতে থাকে। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার হলেও থামেনি স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের অত্যাচার। এর মাঝেই গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাচ্চা নষ্ট করা এবং যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় তারা। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে ঝর্নার ওপর অমানসিক নির্যাতন চালায় স্বামী আশিক মিয়া। এক পর্যায়ে পায়ের আঙ্গুল কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। এই হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে স্বামীর পরিবারের সদস্যরা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুলফিকার আলী বণিক বার্তাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর শ্বশুর রেজ্জাক মিয়াকে আটক করা হয়েছে।