অস্ট্রেলিয়ার হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিল এ বিষয়ে বিস্তারিত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে অস্ট্রেলীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা জাতীয় সংসদ ভবন এবং 'জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘর' পরিদর্শন করবেন। এছাড়া প্রতিনিধিদলটির জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করারও কথা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অস্ট্রেলীয় দূত বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারী ক্ষমতায়ন খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। নতুন সরকার গঠনের পর এ সফর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।