মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে তিনজন নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর বনশ্রী, চট্টগ্রাম, দিনাজপুর, মাগুরা ও কুমিল্লায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মুন্সিগঞ্জ: বুধবার রাতে প্রাইভেট কারে করে চারজন ঢাকা থেকে মাওয়ায় বেড়াতে এসেছিলেন। ভোরে তারা ঢাকায় ফিরছিলেন। সকাল ৬টার দিকে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান। আহত অন্য দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন প্রাইভেট কারের যাত্রী রাইসা আক্তার (২০), আরমান হোসেন (২৫) ও তানজিল (২৫)। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেট কারের আরেক যাত্রী রবিন হোসেন। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। আরমান হোসেন ও তানজিল ঘটনাস্থলে মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, ‘মাওয়া থেকে প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল। দ্রুতগতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ কারণে ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহত ব্যক্তি ও দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা: রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালক হাবিবুর রহমান আহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন রাজশাহীর বাঘা থানার পটিয়া গ্রামের মহসিনের ছেলে। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।

চট্টগ্রাম: নগরীর রাজাপুকুর লেনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় রণজিৎ কর্মকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। রণজিৎ কর্মকার রাজাপুকুর লেনে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে টিসিবির পণ্য বিক্রির পরিবেশক প্রতিষ্ঠান মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাক রাজাপুকুর লেনে প্রবেশ করে। এ সময় ট্রাকটি গলির ভেতরে একটু উঁচু স্থানে পার্কিংয়ের জন্য সামনের দিকে যাচ্ছিল। টিসিবির পণ্য কিনতে অপেক্ষমাণ মানুষজনও সামনের দিকে ট্রাক অনুসরণ করে এগোতে থাকে। এ সময় ট্রাকটি হঠাৎ নিচের দিকে নেমে আসতে থাকলে পেছনে থাকা সবাই সরে যান। তবে লোকজনের হুড়োহুড়ির মধ্যে রণজিৎ রাস্তায় পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

দিনাজপুর: চিরিরবন্দরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সৌরভ ইসলাম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে রাকিব ইসলাম নামে আরেক তরুণ। গতকাল বিকাল ৪টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরে সুইহারী বাজারের হাইওয়ে প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের তেগআলী শাহপাড়ার রবিউল ইসলামের ছেলে এবং আহত রাকিব ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মালেকের ছেলে। দশমাইল হাইওয়ে থানার ওসি মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাগুরা: জেলার শালিখায় মোটরসাইকেলের ধাক্কায় রজত কুমার বিশ্বাস (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ছোট থৈপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। পার্শ্ববর্তী বিল থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে কালিবাড়ি বাজার এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শালিখা উপজেলা হাসপাতাল ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সুমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: চান্দিনায় পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।