কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া কুড়িগ্রাম ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আরো দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

কুমিল্লা: ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের কয়েকজন কর্মকর্তা প্রাইভেট কারে কক্সবাজার যাচ্ছিলেন। গতকাল দুপুরে চান্দিনার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে চট্টগ্রামমুখী লেনে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম সড়কের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যান। আহত হয়েছেন আরো এক নারী। নিহতরা অফিসের কাজে বেরিয়েছিলেন। নিহতদের মধ্যে কোম্পানির গাড়িচালক ও দুই কর্মকর্তা রয়েছেন। তারা হলেন—ইনস্যুরেন্স কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও চালক মো. আবু তাহের।

ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম জোনাল হেড কোয়ার্টারের ডিএমডি মো. আনিসুল হক জানান, মোহাম্মদ মোজাম্মেল হোসেনের বাড়ি রাজশাহী জেলায়, সাখাওয়াত হোসেনের বাড়ি ফেনী ও চালক মো. আবু তাহেরের বাড়ি বরিশালে। ২০ আগস্ট কক্সবাজারে তাদের অফিসের সম্মেলন রয়েছে। তারা হোটেল বুকসহ সম্মেলনের প্রস্তুতির জন্য কক্সবাজার যাচ্ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, প্রাইভেট কারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মরদেহ রাখা হয়েছে।

কুড়িগ্রাম: জেলার ফুলবাড়ীতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক। গতকাল দুপুরে ফুলবাড়ী-বালারহাট সড়কের ছড়ারপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন (৫৫) উপজেলার কবির মামুদ গ্রামের মৃত আজাহার আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। আহত মোটরসাইকেলচালক জয়কান্ত (৩০) উপজেলার উত্তর শিমুলবাড়ী গ্রামের দীনেশ চন্দ্রের ছেলে।

ফুলবাড়ী থানার ওসি নওয়াবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছি।

ফরিদপুর: সালথায় ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাফিস মাতুব্বর (১১) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ছোট লক্ষণদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাফিস ওই গ্রামের তারা মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, নাফিস তার বাবার ইজিবাইক চালিয়ে পাশের বিনোকদিয়া বাজার থেকে বড় লক্ষণদিয়া মাদ্রাসার দিকে যাচ্ছিল। এ সময় মঙ্গল শেখ নামে এক ব্যক্তির বাড়ির সামনে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। এক পর্যায়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় নাফিস।

সালথা থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।