বান্দরবানের সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের দুটি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ নয়জনকে আটক করেছে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। গতকাল আলীকদম সেনা জোনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে জেএসএসের (মূল) সক্রিয় সদস্য হিসেবে স্থানীয়ভাবে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী তৎপরতা এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির মতো কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য মিলেছে।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে চারটি গাদা বন্দুক, দুটি ব্যারেল, তিনটি ছুরি, একটি ইউনিফর্মের নিচের অংশ, দুই জোড়া বুট, একটি ট্যাব, দুটি মোবাইল ফোন এবং কিছু ইলেকট্রিক তার। উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, আটক হওয়া নয়জনের মধ্যে ছয়জন টঙ্কাবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার এবং বাকি তিনজন ৫ নম্বর ওয়ার্ডের ইম্মানুয়েল ত্রিপুরা পাড়ার বাসিন্দা। ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার বণিক বার্তাকে বলেন, ‘মধ্যরাতে ইম্মানুয়েল পাড়ায় অভিযান চালানো হয়। আমরা শুক্রবার সকালে বিষয়টি জানতে পারি। ওই পাড়া থেকে পাঁচজনকে আটক করা হয়েছিল, পরে দুজনকে ছেড়ে দেয়া হয়। যাদের আটক রাখা হয়েছে তারা সবাই দরিদ্র জুমচাষী।’
অভিযানে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ।










