সিলেটে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এখনো সীমান্তবর্তী তিন উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সুরমা নদীর পানি একাধিক পয়েন্টে বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে অনেক গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে রয়েছে। কানাইঘাট উপজেলা সদরের প্রধান বাজারে হাঁটুপানি রয়েছে। বন্যাকবলিত উপজেলাগুলোয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৭৯ টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয় সূত্র জানায়, সুরমার পানি কানাইঘাট পয়েন্টে গতকাল বিপত্সীমার ৯৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। জকিগঞ্জের অমলসিদে কুশিয়ারা নদী বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সারি, গোয়াইন, পিয়াইন ও ধলাই নদীর পানিও বিপত্সীমা অতিক্রম করেছে।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সিলেটে ১৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাউবো কর্মকর্তারা জানান, ভারতের মেঘালয়, ত্রিপুরা ও আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ঢল ও বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট এলাকার নিম্নাঞ্চল। এ তিন উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। এ উপজেলায় ফসলি জমিও তলিয়ে গেছে। একই অবস্থা গোয়াইনঘাটের।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।  টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার সুনামগঞ্জে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে পাউবো।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সামসুদ্দোহা বলেন, ভারতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় ঢলের পানিতে নদী ও হাওর ভরপুর। গতকাল দুপুরে সুরমা নদীর পানি বিপত্সীমার ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। জেলার যাদুকাটা, সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও সুনামগঞ্জ জেলার কতিপয় স্থানে পানি সমতলের বিপত্সীমা অতিক্রম করতে পারে।