লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার ওয়াজেদ আলীর খুনের ঘটনায় জড়িত মামুনুর রশীদ সুমনকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (দ্বিতীয়) বিচারক এস.এম. শফিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বিকালে রায় পাঠের সময় আসামি মামুনুর রশীদ সুমনসহ অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টিবাজার এলাকার ওয়াজেদ আলীকে (১৮) ২০১১ সালের ২৫ আগষ্ট খুন করা হয়। ভারত থেকে ডিশ এন্টেনা (টিভি) চোরাই পথে এনে বাজারে বিক্রি করা ও প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে শত্রুতার জেরে তাকে খুন করা হয়।
লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আমরা যুক্তিতর্ক উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আদালত সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। অনাদায়ে আরো ছয়মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, শাহিন, ফরিদুল ইসলাম ভুট্টু, হাফিজুল ইসলাম, নুর আলম, লিটন মিয়া ও রবিউল ইসলাম পেনাল কোডের ১৮৬০-এর ৩৫৭, ৩০২ ও ৩৪ ধারায় নির্দোষ গণ্যে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত সুমনের আইনজীবী ময়েজুল ইসলাম রায়ের বিরুদ্ধে আপিল করার দাবী করে বলেন, আদালতে আমরা ন্যায় বিচার পাইনি।










