ফরিদপুরের কুমার নদ রক্ষায় ফের অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে কচুরিপানা পরিষ্কার এবং মাছ শিকারের জাংলা ও কাঠা অপসারণেরও উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শহরের আলীপুর থেকে তিন দিনব্যাপী এ অভিযান শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান-উল-ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা। প্রাথমিকভাবে প্রায় তিন কিলোমিটার এলাকায় পরিষ্কার অভিযান চালানো হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবির জানান, অভিযানে কচুরিপানা পরিষ্কার ও নদে মাছ শিকারের জন্য দেয়া জাংলা ও কাঠা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে অভিযান তিনদিন চালু থাকবে। প্রথম তিনদিন ফরিদপুর শহরের অম্বিকাপুর থেকে চরকমলাপুর পর্যন্ত এ অভিযান চলবে। প্রয়োজনে এ অভিযানের সময় আরো বাড়ানো হবে।
এর আগে ২০২৩ সালের ২৭ জুন প্রথমবারের মতো ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কুমার নদ রক্ষায় অভিযান শুরু হয়। সে অভিযানে নদের কচুরিপানা পরিষ্কার করা হয়। কুমার নদের তিন কিলোমিটার অংশের ১০টি স্থানে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবীরা অংশ নেন।










