জেন্ডার বাজেটের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জেন্ডার বৈষম্য মোকাবেলা করে জেন্ডার শ্রেণীবিন্যাস এবং নারী ও পুরুষের মধ্যে অসঙ্গতি দূর করতে জেন্ডার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আজ সোমবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ আয়োজিত ‘কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট (সিআরভিএ)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জলাবদ্ধতার জন্য ‘অপরিকল্পিত সড়ক ও উন্নয়ন দায়ী’ উল্লেখ করে ফরিদা আখতার বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে ফসলের ক্ষতি নিয়ে বেশি আলোচনা হলেও মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে খুব কম আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনে মৎস্য ও প্রাণিসম্পদে ক্ষতির পরিমাণ অনেক বেশি।’

‘জলবায়ু পরিবর্তনে নারী-পুরুষ উভয়ই ক্ষতিগ্রস্ত’ উল্লেখ করে তিনি জানান, নারীদের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে আরো বেশি সমস্যার সৃষ্টি হয়। এ প্রকল্পের মাধ্যমে আরো বেশি জনগণকে বিশেষ করে নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে আকস্মিক বন্যা প্রায়শই ঘটছে। এ সমস্যা শুধু বাংলাদেশের ওপর নির্ভর করে না বরং আমাদের প্রতিবেশী দেশগুলো অনেকাংশে দায়ী। এ ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রস কান্ট্রি ও ক্রস বাউন্ডারি আলোচনা দরকার।’

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিইজিআইএসের প্রজেক্ট এক্সপার্ট মোহাম্মদ মুকতারেজ্জামান।