ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি গাড়ি উল্টে আট পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে বের হয়ে গাড়িটি ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে। এতে নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই এবি নিজাম আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত জুয়েল মিয়া ও শরিফকে উন্নত চিকিৎসার জন্য সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।