নারায়ণগঞ্জে বয়লার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিরসরাইয়ের বাসিন্দা মো. হানিফ (৪৭)। তিনি নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত গাজীপুর বোর্ড পেপার মিলে বয়লার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। হানিফ মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী শাহজীবাজার এলাকার মকসুদ আহম্মদের ছেলে।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে বয়লার ব্যাকফায়ার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি কয়েক মাস আগে গাজীপুর বোর্ড পেপার মিলে বয়লার অপারেটর হিসেবে যোগ দিয়েছিলেন।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, শনিবার রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে তার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চর খোনারবাড়ীর মকসুদ আহম্মদের ছেলের হানিফের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ বয়লার পরিচালক অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে হানিফ কর্তব্যরত অবস্থায় ব্যাকফায়ার দুর্ঘটনায় শিকার হন। পরে কারখানায় কর্মরত অন্য শ্রমিকরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










