রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না দেয়ায় শ্বশুরকে সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মিজান মণ্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মিজান ও তার দুই ছেলে দাউদ মণ্ডল ও নাজমুল মণ্ডলকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামাণিক। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন জানান, জামাতা ও শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেয়ার কথা বলে জামাতা দাউদ মণ্ডলের কাছ থেকে ১ লাখ টাকা নিয়েছিলেন সাইদুল প্রামাণিক। পরে জমি বুঝিয়ে দিতে না পারায় সেই টাকা ফেরত চান দাউদ। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সাইদুল প্রামাণিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মণ্ডল।