চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় সেপটিক ট্যাংকের নির্মাণকাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে এক আনসার সদস্য ওই ট্যাংকে পড়ে অসুস্থ হন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত রতন কর্মকার (২০) বারোঘরিয়া নতুন বাজার এলাকার ধীরেন কর্মকারের ছেলে। আর অসুস্থ হয়ে পড়া বেলাল হোসেন (২৫) আনসার ব্যাটালিয়নের সদস্য।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মিন্টু জানান, বারোঘরিয়ায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রতন কর্মকার নামে ওই শ্রমিক ট্যাংকে পড়ে যান। এ সময় ওই এলাকায় ডিউটিরত আনসার সদস্য বেলাল তাকে উদ্ধার করতে গিয়ে ট্যাংকে পড়ে যান। এতে তিনিও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নির্মাণ শ্রমিক রতন কর্মকারকে মৃত ঘোষণা করেন।










