নকল বিড়ি কারখানা ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মালিক ও বিড়ি শ্রমিক ইউনিয়ন। বুধবার বেলা ১১টায় জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে শ্রমিকবান্ধব দেশীয় বিড়ি শিল্পকে রক্ষায় পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বরাবর স্মারকলিপি দেয়া হয়। এতে নকল বিড়ি ও নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বন্ধ, শুল্ক ফাঁকি দেয়া বিড়ি কারখানা বন্ধে যথাযথ ব্যবস্থা, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, অনলাইনে লাইসেন্স দেয়া বিড়ি মালিকদের থেকে রাজস্ব আহরণে কার্যকর পদক্ষেপ ও শ্রমিকদের সপ্তাহে ছয়দিন কাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
পাবনা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এমকে বাঙ্গালী, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।










