ঘটনাটি 'অন্তর্ঘাতমূলক' কি না, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল রোববার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর ভোরে ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রী প্রবেশের প্রধান গেইটের ওপর স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা রেলওয়ে ঢাকা বিভাগের নজরে আসে। ওই ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানার পর ওই ডিসপ্লে বোর্ডের দায়িত্বে থাকা রেলওয়ের ইলেকট্রিক্যাল বিভাগ ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন শনিবার কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথে বসানো ডিসপ্লে বোর্ডে ভোর ৫টা ৫৬ মিনিট থেকে ৫টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় দু’মিনিট ধরে ভেসে ছিল সেই স্লোগান। ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার কারণে ভৈরবে বদলি করা হয়েছে।

ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

- বাসস