সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পুলিশের ওপর হামলা মামলায় ৪৮ আসামি আত্মসমর্পণ করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় আসামিরা জগন্নাথপুর থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠায়। উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে ১৪ মার্চ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য ঐয়ারকোণা গ্রামের মৃত আছকন্দর আলীল ছেলে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল হাসিমকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। হামলায় তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় হামলার শিকার থানার এসআই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। তাত্ক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে চারজনকে এবং ১৯ মার্চ আব্দুল হাসিমকে গ্রেফতার করে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আমরা তাদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছি।