নেত্রকোনার বারহাট্রার রায়পুর এলাকা থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে বারহাট্রা থানা পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের মান্দাতলা গ্রামের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লামাপাড়ার গ্রামের আব্দুল মন্নাফের মেয়ে মনি আক্তার (১২) পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। সকাল ১০টার দিকে লামাপাড়ার পাশের গ্রাম মান্দাতলা গ্রামের এক লোক জঙ্গলে একটি মরদেহ দেখতে পেয়ে বাড়ি ফিরে পরিবারের অন্য সদস্যদের জানান। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে ফকিরাবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের হাত পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল।
এ ব্যাপারে বারহাট্রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে। এর পেছনের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত করা হবে।










