গোপালগঞ্জে শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বদলি প্রত্যাহার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয় শহরে। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন হুমায়রা আক্তার। সম্প্রতি তাকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার লালন শাহ্ কলেজে বদলি করা হয়েছে।