টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় মাহমুদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও পালিয়ে গেছেন চালক।

আজ রবিবার (২১ মার্চ) সকাল ৯ টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী পৌরসভার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে এবং একটি বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল জানান, এলেঙ্গার দিক থেকে মোটরসাইকেল যোগে নিহত মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সাথে সাথে পেছন থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৪৩৪) ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থলেই তার মৃত্যু হয়।

এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।