কুমিল্লার চৌদ্দগ্রামে ডাম্প ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় মোবারক আলী রকি (২৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক আলী রকি চট্টগ্রামের খুলশি থানার লালখান বাজার এলাকার মৃত রমজান আলীর ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানান, ভোরে ফেনীগামী একটি পিকআপ নানকরা এলাকায় গিয়ে সামনে থাকা ডাম্প ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় হেলপার মোবারক আলী রকি গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে পথেই তার মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক জাবেদ মিয়া।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেয়া হয়েছে।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










