চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে উমর ফারুক (২২) নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার বাগচর সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উমর ফারুক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের হৈমন্তনগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
ফারুকের চাচা জানান, চার বছর আগে অভিমান করে বাড়ি থেকে ভারত চলে যায় ফারুক। দীর্ঘদিন পর বাড়ি ফেরার পথে বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহটি নদীতে ফেলে দেয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বাগচর সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের ৩০০ গজ ভেতরে ফারুকের মরদেহ পড়েছিল। সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তারা কাছে গিয়ে মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










