শ্রম, কর্মসংস্থান ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘নিলামে চায়ের দাম বাড়লে সেই অনুযায়ী চা শ্রমিকদের বেতন বাড়বে। নিলামে চায়ের দাম না বাড়লে বেতন বাড়াতে চাপ দেয়া যাবে না। তবে চায়ের দাম বাড়াতে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

গতকাল দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা। শ্রম ও কর্মসংস্থান সচিব এএইচএম সফিকুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ঈসরাইল হোসেন ও পলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পংকজ স্কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

উপদেষ্টা বলেন, ‘চা বাগানের মালিকরা জানিয়েছেন তাদের উৎপাদন খরচের তুলনায় কম দামে নিলামে চা বিক্রি করতে হচ্ছে। এজন্য নিলামে চায়ের দাম বাড়াতে চা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। চায়ের দাম বাড়লেই শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে কথা বলা হবে।’

এর আগে তিনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় উদ্বোধন করেন। পরে অধিদপ্তরের সামনে বৃক্ষ রোপণ করেন শ্রম উপদেষ্টা ও সচিব। এ সময় শ্রমিকদের দেয়া বিভিন্ন দাবি-দাওয়ার মধ্যে চিকিৎসা, স্বাস্থ্যসেবা, টয়লেট ও অন্যান্য সমস্যার সমাধান করার কথা বলেন তিনি। এছাড়া বন্ধ চা বাগানগুলো খুলতে মালিকদের খুঁজে এনে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘পর্যটকদের চা বাগানে প্রবেশ করতে ২০ টাকা হারে ফি নেয়ার ব্যবস্থাও করতে হবে। এ টাকা চা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হবে।’