জলবায়ু সংকট মোকাবেলায় ও একটি কল্যাণমুখী নতুন সভ্যতা গড়ে তুলতে বিশ্বের জন্য একটি নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এলডিসি (স্বল্পোন্নত দেশ) উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
কপ২৯ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ রুদ্ধদ্বার বৈঠকে জলবায়ু ঝুঁকিতে থাকা পাঁচটি স্বল্পোন্নত দেশের নেতারা অংশ নেন। অংশগ্রহণকারী দেশগুলো ছিল নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশ।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামো দরকার, যা পৃথিবী এবং মানুষের কল্যাণে নিবেদিত। বর্তমান কাঠামো শুধু ভোগ এবং বর্জ্য বাড়াচ্ছে, যা পরিবেশের ক্ষতি করছে। আমাদের একটি শূন্য-বর্জ্যবিশিষ্ট বিশ্ব গড়তে হবে।’
তিনি তরুণদের জন্য কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়তে জাতিসংঘের ‘সামিট ফর দ্য ফিউচার’ এর প্রতিও সমর্থন জানান।
প্রতি বছর কপ জলবায়ু সম্মেলন করার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতি বছর কপ সম্মেলন করা সময় ও সম্পদের অপচয়। আমাদের একটি স্থায়ী এবং দেশভিত্তিক পরিকল্পনা দরকার যা আসলেই কার্যকর হবে।’
এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের শিকার। তিনি এলডিসিগুলোর উদ্দেশে বলেন, জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য বৃহত্তর তহবিল সুরক্ষিত করতে তাদের শক্তিশালী আলোচনা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।










