রোববার দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটাই স্বস্তি মিলতে পারে। ঝড়-বৃষ্টির প্রবণতা আগামীকাল সোমবারও অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে বৃষ্টি কমে গরম বাড়তে পারে। এতে ঈদে ভ্যাপসা গরমের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
তিনি বলেন, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারা দেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সেই হিসেবে এবার ঈদে বৃষ্টি থাকবে না এবং ভ্যাপসা গরম থাকবে।










