বান্দরবান-রোয়াংছড়ি সড়কঘেঁষা ময়নাতলীর জনশূন্য স্থানে রয়েছে শতবর্ষী চণ্ডুল গাছ। এ গাছের ছোটবড় অগণিত গর্তে বাসা বেঁধেছে বিভিন্ন প্রজাতির পাখি। প্রকৃতির সৌন্দর্য এসব পাখি ধরার জন্য এ গাছে দড়ি পেঁচিয়ে বাঁশের মই বানিয়েছে শিকারিরা। খবর পেয়ে গত বৃহস্পতিবার বন বিভাগের একটি দল বাঁশের মইটি ধ্বংস করে।
বন বিভাগ সূত্র জানায়, ২০১৬ সালে করা এক জরিপে ময়নাতলীর শতবর্ষী এ চণ্ডুল বৃক্ষটি দেশের সবচেয়ে বড় বৃক্ষ হিসেবে স্থান পায়। সে সময় গাছটির বেড় ছিল ২৮ ফুট, উচ্চতা আনুমানিক ৪৭ মিটার। এ গাছটি বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের তারাছা রেঞ্জভুক্ত।
রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক বলেন, বিশেষ মাধ্যমে খবর পেয়ে মইটি ধ্বংস করার নির্দেশ দেই পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে। পাখি শিকারের পুনরাবৃত্তি রোধ ও জড়িতদের সন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।










