বর্তমান বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে। একটি স্বাধীন দেশে হামলা কিংবা কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো ঘটনা মানবতার জন্য হুমকিস্বরূপ। যারা মানবিক মূল্যবোধ আর গণতন্ত্রে বিশ্বাসী, তারা বিশ্ব পরিস্থিতির এমন অবনতি দেখে চরমভাবে হতাশ হচ্ছেন। এই সংঘাত বন্ধে বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া জরুরি।’
গতকাল বিকালে ধানমন্ডির ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি) অডিটোরিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা এক কঠিন ও অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। বিশ্ব রাজনীতিতে নৈতিকতার অভাব প্রকট। আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠা মানুষ, তাই মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রে বিশ্বাস করি। বাংলাদেশেও যে অস্থিরতা চলছে, তাতে মানুষ এখনো সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না, এটা আল্লাহর অশেষ রহমত।’
ড. শাহিদা রফিকের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (শাহিদা রফিক) ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক ও বিদুষী নারী। প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং জনগণের কল্যাণে কাজ করেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য উদাহরণ। তিনি সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখতেন। ড. শাহিদা রফিকের আদর্শকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আইনি কাঠামোর মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
আইএসটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. শাহপুর রফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।










