আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে গতকাল শুক্রবার (১ নভেম্বর) রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামক ৩ দুষ্কৃতকারীকে ভাষানটেক এলাকা থেকে আটক করে সেনাবাহিনী। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।