সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত দুই বছরে পদ্মা সেতু দিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ যানবাহ পারাপার হয়েছে । এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটির বেশি। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সেতু ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন।

ওবায়দুল কাদের বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পদ্মা সেতুর সুফল ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী ২৭ জুন ৭ম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মধ্যে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

সেতুমন্ত্রী বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। ২ বছর আগে পদ্মা নদীর উপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এ পদ্মা সেতু করা হয়েছে।

 সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।