দেশবরেণ্য সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত গোলাম সারওয়ারের ৮২তম জন্মদিন আজ। ১৯৪৩ সালের ১ এপ্রিল তিনি বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম কারিগর বলা হয় তাকে। দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক গোলাম সারওয়ার দৈনিক যুগান্তর ও সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক।
সমকালের সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
মেধা, নিষ্ঠা ও দক্ষতার উৎকৃষ্টের কারণে গোলাম সারওয়ারকে অনেকেই ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশের সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
মরহুম এ সম্পাদকের পরিবারের পক্ষ থেকে আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া বানারীপাড়ায় গ্রামের বাড়িতে তাকে স্মরণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়েছে। —বিজ্ঞপ্তি










