চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবনির্মিত ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার নিয়ে খেলা করার সময় শ্রমিকদের বেখেয়ালে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কালইর গ্রামের মাসুদ রানার ছেলে সজীব (১৩) ও মিঠু আলীর মেয়ে লামিয়া আক্তার (৯)। নাচোল থানার ওসি সেলিম রেজা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজীব ও লামিয়া বাড়ি থেকে মাঠে ছাগল চরাতে যায়। সেখানে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে তারা খেলা করছিল। এ সময়ে বৈদ্যুতিক কাজে নিয়োজিত শ্রমিকরা মেশিন দিয়ে তারটি টান দিলে তারা ওই তারে ঝুলে টাওয়ারের ওপর উঠে যায়। স্থানীয় বাসিন্দা আলমগীর কবির জানান, তারের চাপে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়েছে। ছিটকে পড়ে গুরুতর আহত হন লামিয়া। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে লামিয়ার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, ঘটনার পর স্থানীয়রা আহত লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসার জন্য এ সঞ্চালন লাইনের কাজ চলছে গত বছর থেকে। কিন্তু কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা না করে কাজ করার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
নাচোল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সেলিম রেজা জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণশেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










