নেত্রকোনার পূর্বধলায় পুকুর শুকানোর উদ্দেশ্যে পাম্প মোটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার জালশুকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার জালশুকা গ্রামের সমর আলী (৬০) ও তার ছেলে পাপ্পু (২৫)। পাপ্পু ময়মনসিংহ আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, সমর আলী ও তার ছেলে পাপ্পু বুধবার গভীর রাতে আনুমানিক ৩টার দিকে বসত ঘর থেকে বের হন। বাড়ির পেছনের নিজের পুকুরের মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুরটির পানি নিষ্কাসনের জন্য পাম্প মোটর বসান। সেখানেই বিদ্যুতায়িত হয়ে তারা মারা যান।
পরিবারের সদস্যরা জানান, ভোরে মোটর ছাড়তে গিয়ে সকাল হয়ে গেলেও তারা বাড়িতে না আসায় সমর আলীর স্ত্রী ফিরোজা বেগম মেয়েকে নিয়ে পুকুর পাড়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন বাবা-ছেলে দুজনেই বিদ্যুতের ছেঁড়া তারে জরিয়ে পড়ে রয়েছেন। পড়ে তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










