কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নেতা ও তার ভাইসহ ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান শনিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আসামির তালিকায় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন এবং তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপনও রয়েছেন।
শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে (৫০) চরপাড়া মাঠে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় সিদ্দিকীর ছোট তিন ভাই ও ছেলেও গুলিবিদ্ধ হন।










