ধর্মঘট নিষিদ্ধ করার প্রস্তাব রেখে সংসদে উত্থাপিত অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ প্রত্যাহার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গতকাল সকালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও ব্যাটারিচালিত রিকসা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এ কর্মসূচি পালন করে।
এ সময় শ্রমিক নেতারা ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ থেকে লাইসেন্স প্রদান ও পার্কিং স্টান্ড নির্মাণের দাবি জানান। সমাবেশের শুরুতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদার। সঞ্চালনা করেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক সহিদ হাওলাদার। বক্তব্য রাখেন ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইকচালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মণীষা চক্রবর্তী, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইউব আলী, ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।










