শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির কারণে দেশের বাইরে পড়তে যাওয়া শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। এ নীতির কোনো প্রভাব শিক্ষার্থীদের ওপরে পড়বে না।’

গতকাল দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারিবাড়ীতে সিআরআই ও ইয়াং বাংলার উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শাহ্ আজম, সংসদ সদস্য আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডা. দীপু মনি বলেন, ‘শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) কাজ শেষ হয়েছে। সেটির মূল্যায়ন চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এলে এটি চূড়ান্ত রূপ পাবে।’ 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচন  হচ্ছে। এ কারণে দেশে উন্নয়ন হচ্ছে। দেশে আগামী দিনেও স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কথিত আন্দোলনের নামে যারা নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, মানুষের জানমালের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে সতর্ক ও সোচ্চার হতে হবে। ঘোষণা দিয়ে যারা নির্বাচন বয়কট করে তাদের থেকে সাবধান থাকতে হবে।’