গোপালগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া তৈরি ও বিক্রির দায়ে কারখানাটি সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক মাসুদ তালুকদারকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় এ কারখানাটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, কারখানাটি থেকে ভেজাল হলুদ-মরিচ তৈরির উপকরণ হিসেবে বিভিন্ন রঙের কেমিক্যাল, মেয়াদোত্তীর্ণ পটেটো, চালের গুঁড়া, কাঠের গুঁড়া, নিম্ন মানের আটা ও ময়দা উদ্ধার করা হয়। এসব উপকরণ হলুদ-মরিচের গুঁড়া তৈরির কাজে ব্যবহারের জন্য কারখানায় মজুত করে রাখা হয়েছিল। ভেজাল গুঁড়া মসলা তৈরির জন্য কারখানা মালিককে নগদ ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্ত কারখানা মালিক মাসুদ তালুকদার সদর উপজেলার নলডাঙ্গা গ্রামের নসু তালুকদারের ছেলে।