স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবিতে রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল থেকেই এ বিক্ষোভ শুরু হয়। রাতের বেলাও বিক্ষোভ থামেনি।

আহত ব্যক্তিরা বলছেন, স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ করতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। অন্য উপদেষ্টারা গেলে তাদের কাছে দাবি উপস্থাপন করবেন।

আহত ব্যক্তিদের অবস্থানের কারণে আগারগাঁও-শ্যামলী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে আজ সকালে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাচ্ছিলেন। এ সময় হাসপাতাল ভবনের সামনে তিনি চিকিৎসাধীন আহত ব্যক্তিদের ক্ষোভের মুখে পড়েন। উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেননি অভিযোগ তুলে আহত ব্যক্তিরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।