কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বাহিনীর কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আজ কুমিলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৯৭ লাখ ৯২ হাজার টাকা মূল্যের শাড়ি এবং ১৭ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তায় অটল অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে।

জব্দ পণ্যগুলো প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।