নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত জহিরুল ইসলাম রেজওয়ান (৩০) উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রুপক মুখার্জী।
নিহত রেজওয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে রেজওয়ান দিঘলিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










