সরকারের ঘোষণা অনুযায়ী, আজ রোববার (১০ মে) থেকে মার্কেট শপিংমলে কেনাকাটা করা যাবে। তবে সেক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ ও দোকানিদের সামাজিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কঠোর নির্দেশনাও রয়েছে।

কিন্তু ঠাকুরগাঁওয়ের মার্কেটগুলোতে প্রথম দিনেই স্বাস্থ্যবিধি ব্যত্যয় লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে পালন করা না হলে মার্কেট বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক। আজ সকালেই ঠাকুরগাঁওয়ে শপিংমল খুলেছে। কিন্তু জেলা শহরের হাওলাদার সুপার মার্কেট কর্তৃপক্ষ কিছুটা নিয়ম নামলেও বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি সরকারি নিয়ম কানুন।

মৌচাক মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতারা অনেকেই মাস্ক পরিধান ছাড়াই ঘোরাফেরা করছেন, কেনা কাটা করছেন। ওই মার্কেটের  অনেক দোকানি ও কর্মচারীও মাস্ক না পরেই কাপড় বিক্রি করছেন। 

এছাড়া সামাজিক দুরত্ব বজায় না রেখে অনেকটা গাদাগাদি করেই বেচা কেনা করা হচ্ছে । বড় বড় শপিংমলগুলো তো বটেই ছোট মার্কেটগুলোতেও দেখা গেছে একই পরিস্থিতি।

এ অবস্থায় দুপুরে জেলা মেজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম নিজেই পরির্দশনে নামেন। তিনি বলেন, বেশিরভাগ ব্যবসায়ী সরকারের নিয়ম মানছেন না। আজ প্রথম দিন বলে তাদের সতর্ক করা হচ্ছে। আগামীকাল একই পরিস্থিতি থাকলে সব দোকানপাট বন্ধ করে দেয়া হবে।

তিনি আরো বলেন, আমরা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা নিয়ম কানুন মেনে ব্যবসা করতে পারলে করবে। না হলে তাদের দোকান বন্ধ রাখতে হবে, আমাদের সিন্ধান্ত পরিষ্কার।