রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় সুপারশপে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৬ অক্টোবর) রাতে মোহাম্মদপুর এলাকা থেকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড, র্যাব এবং পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের একাধিক দল অংশগ্রহণ করে।
অভিযানে মোহাম্মদপুর এলাকা হতে ৪৫ জন অপরাধী (০৯ টি দেশীয় ধারালো অস্ত্রসহ) গ্রেফতার হয়। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্তির পর থেকে মোহাম্মদপুর, আদাবর এবং শের-ই-বাংলা নগর থানাধীন ১৫২ জন অপরাধী, ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৭১ রাউন্ড গোলাবারুদ, ১৭২ ধরনের বিভিন্ন দেশী বিদেশী অস্ত্র, ১টি গ্রেনেড এবং বিপুল পরিমাণ নেশাজাত দ্রব্য উদ্ধার হয়।
সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।










