নরসিংদীর সদর উপজেলার করিমপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। নৌকার প্রার্থী মমিনুল ইসলামের সমর্থকদের হামলা তিন জন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের করিমপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, করিমপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামের সাবাজ মেম্বারের ছেলে মো. এরশাদ (৩০), হেলাল উদ্দিনের ছেলে হোসেন আলী (২৫) ও মো. অলিউল্লার ছেলে মুজাহিদ (৩০)।
আহতরা জানান, আজ সকালের দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়ার সমর্থক প্রায় ১৫ জন ব্যক্তিগত কাজে শ্রীনগর থেকে করিমপুর বাজার হয়ে নরসিংদী সদরে আসছিলেন। তারা করিমপুর বাজারে পৌঁছলে বাজারে অবস্থিত নৌকার প্রার্থীর ক্যাম্প থেকে প্রায় ২০/২৫ জন বেরিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতে হামলা করে। এতে তিনজন গুরুতর আহত হয়। সেখান থেকে কোনোরকমে পালিয়ে তারা নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন।
এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি মারা যান করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২৯ মার্চ উপনির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন। কিন্তু করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে যায়। পরে ১০ অক্টোবর ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়।










