নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী  (৩০) শিবপুর উপজেলার দত্তেরগাঁও এলাকার মনোউদ্দিন ভূইয়ার ছেলে। আহতরা হলেন দত্তেরগাঁও এলাকার আবু হানিফার ছেলে মোকাররম মিয়া (২৬), মাসুম মিয়ার ছেলে মো. রেদোয়ান (৯) ও মো. আবদুল্লাহ (১০), মাহবুব (৩৫) এবং পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিথা এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। এ সময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি রেললাইনের পাশে উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন। এছাড়া গাড়িতে থাকা আরো পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের মধ্যে আহত মাহবুব বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।