আজকের মধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) আবাসিক হলসমূহ খুলে দেয়ার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার পর হল খোলার দাবিতে সংঘবদ্ধ হন শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হন তারা। এরপর মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রশাসনকে ১ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা। এর মধ্যে হল না খোলা হলে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেবন। শিক্ষার্থীদের দাবি, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে জাবি প্রশাসনের হল খুলে দেয়ার এখতিয়ার রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, যেহেতু করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশে হল বন্ধ রাখা হয়েছে, তাই সরকারের নির্দেশ না পেলে হল খোলা সম্ভব না। মহামারীকালীন জরুরি অবস্থা হওয়ায় এখন স্বায়ত্তশাসন নীতি প্রয়োগ করা যাবে না। সরকার শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবগত আছে। যেভাবে নির্দেশ আসবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।


উল্লেখ্য, গতকাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাবি সংলগ্ন গেরুয়ার লোকজন সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত ১৪ জন শিক্ষার্থীকে সভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।