ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালের মেডিসিন বিভাগে শিশুসহ শুক্রবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১৬ রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের অধিকাংশই ঢাকায় গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন মুক্তাগাছা উপজেলার সৌরভ হাসান। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমি ঢাকার কেরানীগঞ্জের একটি মসজিদে কাজ করি। কয়েকদিন আগে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা, শরীর ব্যথা ও জ্বর শুরু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সেখান থেকে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছি।

ময়মনসিংহ সদরের কোকিল গ্রামের আমিরুল ইসলাম বলেন, ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করি আমি। গত এক মাস ঢাকার আগারগাঁওয়ের তালতলা এলাকায় কাজ করেছি। সেখানে জ্বর, মাথাব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসি।

মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. কায়সার হাসান খান বণিক বার্তাকে বলেন, সম্প্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত অধিকাংশ রোগীই ঢাকা থেকে এসে ভর্তি হচ্ছেন। ময়মনসিংহ জেলায় আক্রান্ত হয়েছেন এ রকম রোগীর সংখ্যা পাঁচ-ছয়জন হবে।