ঈদুল ফিতরের কেনাকাটা শেষে বাড়ি ফেরার হলো না বাবা-ছেলের। চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল শনিবার (৮ এপ্রিল) রাত ১০টায় ট্রাক চাপায় নিহত হন সেলিম উদ্দিন (৪০) ও তার চতুর্থ শ্রেণী পড়ুয়া ছেলে মিনহাজ উদ্দিন (১২)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় কমলদহ গ্রামের উকিল বাড়ির বাসিন্দা।

জানা যায়, বড় দারোগারহাট বাজার থেকে বাবা-ছেলে ঈদের কেনাকাটা করে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী তরমুজবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন জানান, মরদেহের সুরতহাল শেষে স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার স্থান থেকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।