ইন্টারনেট জগতে শিশুদের নিরাপদ রাখা ও ইন্টারনেটে নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে শিশু ও অভিভাবকদের উৎসাহী করতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সিসিমপুর। পাশাপাশি বিটিআরসি পরিচালিত ‘সুবিধাবঞ্চিত প্রত্যন্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ডিজিটালকরণ’ প্রকল্পের ১০০ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা তৈরিতেও কাজ করা হবে।
সিসিমপুর কর্তৃক বাস্তবায়নাধীন ‘সেইফ ইন্টারনেট ফর আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হবে। সোমবার (১ এপ্রিল) বিটিআরসি ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের (এসডব্লিউবি) মধ্যে এ নিয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যানের পক্ষে প্রতিষ্ঠানটির
সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লে. কর্নেল এস এম রেজাউর রহমান, সিগন্যাল
এবং এসডব্লিউবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহ আলম
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিটিআরসির সিস্টেম অ্যান্ড
সার্ভিসেস বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান উপস্থিত
ছিলেন।










