পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে আধুনিক রেকর্ড রুমের যাত্রা হয়েছে। গতকাল জেলা প্রশাসক জহুরুল ইসলামের ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ রেকর্ড রুমের যাত্রা হয়। ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের চেষ্টায় রেকর্ড রুমটি তৈরি হয়। এটিকে আধুনিক নথিশালাও বলা হচ্ছে। সদর উপজেলা ভূমি অফিসের একটি কক্ষে স্থাপিত হয়েছে এ আধুনিক রেকর্ড রুম। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নথি সংরক্ষণে নানা সমস্যা ছিল পঞ্চগড় সদর উপজেলা ভূমি অফিসে। বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা কাগজপত্র তেলাপোকায় কেটে ফেলে। এছাড়া পানিতে ভিজেও নষ্ট হওয়ার উপক্রম হয়। সে কারণেই আধুনিকভাবে নথি সংরক্ষণ ও স্মার্ট ভূমিসেবা দিতে সরকারের এ উদ্যোগ।

সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রেকর্ড রুমের আধুনিকায়নের কাজ শুরু হয়। ১৬ মে কাজ শেষ হয়। রেকর্ড রুমটির ভেতরে শেলফসহ নানাভাবে বিন্যস্ত করা হয়। বিশেষ করে নথিগুলো বছর-মাস অনুযায়ী সাজিয়ে ব্যাগবন্দি করা হয়। বর্তমানে এখানে প্রায় তিন হাজার ব্যাগে ৬০ হাজার নথি সংরক্ষিত আছে। প্রতিটি ব্যাগে ২০টি করে নথি রাখা হয়েছে। রেকর্ড রুমের আধুনিকায়নের আগে ভূমি অফিসের ফাইলগুলো বস্তায় রাখা হতো। ফলে কোনো একটি ফাইল বা নথি খুঁজে বের করতে পাঁচ-ছয়দিন সময় লাগত। কিন্তু নতুন নথিশালায় মাত্র ২ মিনিটে একটি ফাইল বের করা যাবে।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক বলেন, ‘স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই সেবাসংক্রান্ত বিভিন্ন আবেদন করছেন ভূমি মালিকরা। এভাবেই দেশে স্মার্ট নাগরিক তৈরি হচ্ছে। আমরা চাই স্মার্ট ভূমিসেবা দিতে।’