ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে কোনো ধরনের অনিয়ম নেই দেখা যায়নি। ভোটের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখতে পাচ্ছি। আজ শনিবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের এ সব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, সিসি ক্যামেরায় ভোট করা নতুন একটি সংযোজন। যেটি নিয়ন্ত্রণ ও ইলেকটরাল গভার্নেন্সকে আরও বিস্তৃত করবে। অনিয়ম একেবারেই দেখছি না। খুবই শান্তিপূর্ণভাবে ফরিদপুর উপ-নির্বাচন হচ্ছে।

সকাল ৮টা থেকে ফরিদপুর-২ আসনের উপ নির্বাচন চলছে, ইভিএমে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। স্থানীয়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি এ আসনের সব কেন্দ্র ও ভোটকক্ষ মিলে ১ হাজার ৫২টি সিসি ক্যামেরায় ভোট দেখছেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)।