যশোরে ২৩টি স্বর্ণবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল ভোরে সদর উপজেলার মুরাদগড় বাজারে অভিযান চালিয়ে ৪৯ বিজিবি সদস্যরা স্বর্ণবারগুলো জব্দ করেন। এ সময় গ্রেফতার করা হয় শার্শা উপজেলার সালতা গ্রামের শরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেহেদী হাসানকে (২৫)।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের বাইরে মুরাদগড় বাজার এলাকা থেকে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর ও ঝিনাইদহের মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণবার নিয়ে যাচ্ছিলেন তারা। ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে যশোর হয়ে তারা মহেশপুর যাচ্ছিলেন।

যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, স্বর্ণবারগুলোর দাম ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।